ব্যক্তিগত জীবনের প্রতিকূল পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলিউড অভিনেতা শরদ কাপুরকে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক নানা দায়িত্ব সামলাতে গিয়ে আপাতত নিজের চারটি প্রিয় পোষ্য কুকুরকে বাড়ি থেকে সরিয়ে পশুকল্যাণ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিনেতার এই পরিস্থিতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তার বন্ধু হেমা চৌধুরী। শেয়ার করা একটি ভিডিওতে পোষ্যদের বিদায়ের সময় শরদকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
হেমা জানিয়েছেন, ৫০ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে শারীরিক কিছু সমস্যায় ভুগছেন। তার নিয়মিত যত্ন প্রয়োজন। অন্যদিকে বাড়িতে স্ত্রী ও সদ্যোজাত সন্তান থাকায় পরিবারের ওপরও বাড়তি দায়িত্ব রয়েছে। পোষ্য চারটি কুকুরের দেখভালের জন্য আলাদা পরিচর্যাকারী না থাকায় তাদের যথাযথ যত্ন নেওয়া কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় একটি পশুকল্যাণ সংস্থা কুকুরগুলোর দায়িত্ব নিতে এগিয়ে এসেছে। আপাতত সেখানেই নিরাপদ আশ্রয়ে থাকবে শরদের প্রিয় চার পোষ্য।
বিদায়ের সময় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা জানান, কুকুরগুলোকে ছেড়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছে। নতুন বাংলোয় ওঠার পর সংস্থাটির কাছ থেকে পোষ্যদের আবার ফিরিয়ে নেওয়ার ইচ্ছা রয়েছে তার। তাদের তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসেন।
পোষ্যদের কাছ থেকে দূরে থাকার বিষয়টি মেনে নিতে পারছেন না শরদ। পরিস্থিতি স্বাভাবিক হলে চারটি কুকুরকে আবার নিজের কাছে ফিরিয়ে এনে একসঙ্গে থাকার প্রত্যাশা করছেন তিনি।
হিন্দি ও বাংলা—দুই চলচ্চিত্র জগতেই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে শরদ কাপুরের। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আঁখে’, ‘দস্তক’, ‘জোশ’, ‘জানি দুশমন: এক আনোখি কাহানি’, ‘লক্ষ্য’ ও ‘জয় হো’। বাংলা সিনেমার মধ্যে ‘অচেনা অতিথি’ ও ‘ওয়ান্টেড’ উল্লেখযোগ্য।




