কানাডার পুলিশের পোশাক পরা ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছবিটি দেখে কেউ কেউ তাঁর কানাডার পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন। তবে জানা গেছে, ছবিটি বাস্তব জীবনের কোনো ঘটনার নয়; নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এর শুটিংয়ের অংশ হিসেবেই তাঁকে ওই পোশাকে দেখা গেছে।সিনেমাটিতে কানাডার পুলিশের একজন দক্ষ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছে তিনি ছবিটির শুটিং ইউনিটে যোগ দিয়েছেন। বর্তমানে দেশটির বিভিন্ন স্থানে সিনেমার দৃশ্য ধারণ চলছে। নির্ধারিত শুটিং শেষ করে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
প্রযোজনা-সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশের মূলধারার কোনো চিত্রনায়কের কানাডার পুলিশের পোশাকে বড় পর্দায় হাজির হওয়ার ঘটনা এ ছবির মাধ্যমে প্রথমবার ঘটতে যাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।‘ভায়োলেন্স’ পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন। এতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।অ্যাকশনধর্মী এ সিনেমায় জায়েদ খানের চরিত্র ও গল্পের বিস্তারিত এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। ফলে কানাডার পুলিশের পোশাকে তাঁর উপস্থিতি সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।




