সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চান না বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। একটি ছবির সাফল্যের ধারাবাহিকতায় পরপর নতুন কাজে যুক্ত হওয়ার সুযোগ থাকলেও নিজের পছন্দের বিষয়ে ছাড় দিতে রাজি নন তিনি। ভালো গল্পের সন্ধানেই আপাতত একাধিক প্রস্তাব থেকে সরে এসেছেন এই তারকা।
‘স্ত্রী ২’ মুক্তির পর শ্রদ্ধার ক্যারিয়ারে কাজের প্রস্তাবের সংখ্যা বেড়ে যায়। বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য যোগাযোগ করা হয় তার সঙ্গে। প্রস্তাবগুলোর সঙ্গে ছিল আকর্ষণীয় পারিশ্রমিকও। কিন্তু কোনো কিছুই তাকে নিজের পরিকল্পনা থেকে বিচ্যুত করতে পারেনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি সামনে আনেন শ্রদ্ধা। কর্মজীবনে নিজেদের অবস্থান তৈরি করতে চাওয়া তরুণীদের উদ্দেশে পরামর্শ দিতে গিয়ে তিনি জানান, ক্যারিয়ারের একটি পর্যায়ে এসে অনেক কাজের সুযোগ পেয়েও সেগুলো গ্রহণ করেননি। কারণ, নিজের কাছে গ্রহণযোগ্য মনে হয় এমন গল্প খুঁজছিলেন।
অভিনেত্রীর ভাষ্য, সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে গিয়ে তাকে অপেক্ষার কঠিন সময় পার করতে হয়েছে। তবে পেছনে ফিরে এখন আর সেই সময়কে ব্যর্থতা বলে মনে হয় না। বরং নিজের পছন্দের প্রতি আস্থা রাখার সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট তিনি।
শ্রদ্ধার বিশ্বাস, পেশাগত জীবনে শুধু সুযোগের সংখ্যা কিংবা আর্থিক প্রাপ্তি দিয়ে সাফল্য বিচার করা উচিত নয়। যে কাজ নিজের ভালো লাগা ও বিশ্বাসের সঙ্গে মেলে, সেটিকে গুরুত্ব দেওয়াই বেশি প্রয়োজন। এজন্য কখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা হারানো উচিত নয়।