টেলিভিশন ও চলচ্চিত্রে আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন পরিকল্পনা ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তাঁর জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী সিরিজ ‘৪২০’ এবং পরবর্তী কাজ ‘৮৪০’-এর ধারাবাহিকতায় এবার আসতে পারে ‘১৬৮০’। নতুন এই প্রকল্পে আবারও অভিনয় করতে পারেন মোশাররফ করিম।
রবিবার (১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ফারুকী। ছবিটি সামনে আসার পর থেকেই তাঁদের নতুন কোনো কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। পোস্টের সঙ্গে নির্মাতা লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’
এই মন্তব্যের মধ্য দিয়ে পরবর্তী কিস্তি নির্মাণের আভাস দিয়েছেন তিনি। তবে নতুন কাজটি ধারাবাহিক, নাকি সিনেমা হিসেবে দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
প্রকল্পটির বিস্তারিত জানতে চাইলে ফারুকী আপাতত তথ্য প্রকাশে অনাগ্রহ দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের বাইরে এ মুহূর্তে নতুন কিছু বলার নেই।
২০০৭ সালে প্রচারিত ‘৪২০’ নির্মাতার অন্যতম আলোচিত কাজ। দুই চোরের জীবন থেকে রাজনীতির অন্দরমহলে প্রবেশের গল্প নিয়ে তৈরি এই সিরিজে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।
দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে ‘৮৪০’ নিয়ে দর্শকদের সামনে আসেন ফারুকী। ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত এই গল্পে অভিনয় করেন নাসিরুদ্দিন খান, ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ বেশ কয়েকজন শিল্পী।
এবার সম্ভাব্য নতুন কিস্তি ‘১৬৮০’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে মোশাররফ করিম ও ফারুকীর পুনর্মিলন পর্দায় কী চমক নিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়।