সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এর ফলে নতুন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে এসব তথ্য-উপাত্ত হস্তান্তর করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তরের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।
দ্রুততম সময়ে তথ্য-উপাত্ত হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষা কার্যক্রমের গতি বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও রেজিস্ট্রার।