রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া তিন শিক্ষার্থীকে সতর্ক করা এবং চার শিক্ষার্থীর বিরুদ্ধে অধিকতর তদন্তের পর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তার সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের সামনে তদন্ত প্রতিবেদন তুলে ধরেন।
প্রতিবেদনে ছাত্রদল নেতা আহসান হাবিব, আরিফুল ইসলাম, হাসিবুল হাসান ও বিশাল চক্রবর্তীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে। বুলবুল রহমান, শরিফুল ইসলাম ও শাহরিয়ার আলমকে সতর্ক করার কথা বলা হয়েছে। অন্যদিকে রাকিবুল ইসলাম, তাকবির আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে অধিকতর তদন্তের পর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরদিন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রকাশের ঘোষণা দেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় ক্যাম্পাসের সংবাদকর্মীরা জানান, তদন্ত প্রতিবেদনে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে মামলা না করা পর্যন্ত তারা প্রশাসনের সংবাদ বয়কট কর্মসূচি চালিয়ে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশের জন্য উপাচার্যকে ধন্যবাদও জানান তারা।