বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর নিয়মিত আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বেরোবির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে। তিনি শিক্ষার্থীদের বৈষম্যহীন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের আওতায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের ২০টি এবং মেয়েদের ১২টি দল অংশ নিচ্ছে। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়। এ পর্ব শেষ হওয়ার পর আগামী ২৯ নভেম্বর থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




