চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি অর্থে সংস্কার করা একটি সড়ক ছয় মাসের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজারমুখী প্রায় ২ কিলোমিটার ৭০০ মিটার সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে। কোথাও জমে আছে কার্পেটিংয়ের স্তূপ, আবার কোথাও তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়কের এমন দশায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সড়কটির সংস্কারকাজ শুরু হয় ৫ জানুয়ারি। ৫ মে কাজ শেষ হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের নাম থাকলেও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর দাবি, বাস্তবে কাজটি করেছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ চলাকালে যথাযথ তদারকি না থাকায় নিম্নমানের সংস্কার হয়েছে। কাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে যেতে শুরু করে। পরবর্তী সময়ে ঠিকাদারপক্ষ কিছু অংশ মেরামত করলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাতায়াতকারী অটোরিকশাচালক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গর্তের কারণে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। দ্রুত সড়কটি মানসম্মতভাবে মেরামতের পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান জানান, দায়িত্ব নেওয়ার পর সড়কটির বর্তমান অবস্থা দেখে সংস্কারকাজে কারিগরি ত্রুটি থাকতে পারে বলে তাঁর ধারণা হয়েছে। বিটুমিন প্রয়োগের সময় অতিরিক্ত তাপমাত্রা ব্যবহারের কারণে এমনটি হতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশ দেওয়া হবে। ঠিকাদারের জামানতের অর্থ এখনো ফেরত দেওয়া হয়নি বলেও জানান তিনি।
অন্যদিকে, সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার গাজী জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের নামে কাজ হলেও বাস্তবে তা করেছেন সাবেক মেয়র মঞ্জিল হোসেন। এ বিষয়ে মঞ্জিল হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।




