ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে ‘দেব স্মারক বক্তৃতা ২০২৩ ও ২০২৪’। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শন, শিক্ষা ও জ্ঞানচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে ‘সুফি দর্শনের সর্বজনীনতা’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা-২০২৩ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী। ‘লেখাপড়া পড়াশোনা’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা-২০২৪ দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সিরাজ সালেকীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম।
বক্তৃতায় সুফি দর্শনের সর্বজনীন তাৎপর্য এবং লেখাপড়া ও জ্ঞানচর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা দর্শন ও মানবিক বিদ্যার চর্চা, চিন্তার বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনচর্চা ও গবেষণার ঐতিহ্য ধারণ করে গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র দার্শনিক চিন্তা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার প্রসারে কাজ করছে। এ আয়োজন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং দর্শন ও মানবিক বিদ্যায় আগ্রহীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক সংলাপের সুযোগ সৃষ্টি করেছে।