স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ এবং নিরাপদ খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীর ক্লাব নটরডেমিয়ান্সে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ক্লাবের ফাদার পিশোতো অডিটোরিয়ামে নটরডেমিয়ান-৯৯ আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ব্যাচের সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।
অক্টোবর মাসে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এতে ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট নাসের বখতিয়ার, সাবেক প্রেসিডেন্ট রেফায়েত উল্লাহ এবং সিএনবিএলের কার্যনির্বাহী সদস্য শেখ মনিরুল আলম টিপু, খালেদ ফয়সাল রহমান, মাহবুবুর রহমান ও মল্লিক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মশালায় জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা নিয়ে আলোচনা করেন ক্যানসার বিশেষজ্ঞ ডা. সাবরিনা তাহের। স্তন ক্যানসার শনাক্তকরণ ও করণীয় বিষয়ে বক্তব্য দেন ডা. সিনথিয়া আফরিন। নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন অনিরাপদ খাদ্যাভ্যাসের স্বাস্থ্যঝুঁকি তুলে ধরেন।
ক্যানসার চিকিৎসার সুযোগ-সীমাবদ্ধতা, রোগী ও পরিবারের করণীয় এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে আলোচনা করেন নটরডেমিয়ান-৯৯-এর সভাপতি ও এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (অনকোলজি) ডা. আরমান রেজা চৌধুরী। এ সময় ক্যানসারে আক্রান্ত দুজন রোগী সরাসরি ও ভিডিওবার্তার মাধ্যমে তাদের চিকিৎসা ও সংগ্রামের অভিজ্ঞতা জানান।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব ও অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী তিনজনকে টেকনো মোবাইলের সৌজন্যে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ২০ জন নারীকে বিনা মূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং ও পরামর্শসেবা দেওয়া হয়। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে স্বাস্থ্যসেবা ও উপহার এবং এমজিআইয়ের পক্ষ থেকে অংশগ্রহণকারী পরিবারগুলোকে উপহারসামগ্রী দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরাই ছিল কর্মশালার মূল লক্ষ্য।