দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬-এর শিরোপা জিতেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে নবীনবরণ, বিদায়ী স্নাতকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসনুন নাহার।
গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটিকে ২৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ফাইনালে দলটি তিন উইকেটে ১৫৮ রান করে। জবাবে বাংলাদেশ ইউনিভার্সিটি নির্ধারিত আট ওভারে দুই উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। পরে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা বলেন, ৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া প্রতিষ্ঠানের জন্য বড় অর্জন। এ সাফল্যের কৃতিত্ব খেলোয়াড়দের। ফাইনালের দিন বাইরে থাকলেও তিনি অনলাইনে পুরো খেলা দেখেছেন বলে জানান। খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘এক দল, এক স্বপ্ন, এক জয়’ মন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদী।
নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান উপাচার্য। বিদায়ী স্নাতকদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।