২০২৬ সালের দাখিল পরীক্ষায় অতিরিক্ত বিষয় বাদে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২৬ সালে শেষ হয়েছে, তারা এ সুযোগ পাবেন। নবায়নের মাধ্যমে এসব শিক্ষার্থী ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট মাদ্রাসাপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন নবায়নের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিলম্ব ফিসহ আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। বোর্ড জানিয়েছে, রেজিস্ট্রেশন কার্ড নবায়ন না করলে ২০২৭ সালের দাখিল পরীক্ষার সম্ভাব্য তালিকা থেকে ফরম পূরণ করা যাবে না।
নবায়নের জন্য মাদ্রাসার প্যাডে রেজিস্ট্রার বরাবর প্রতিষ্ঠানপ্রধানের আবেদন, বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষার্থীদের তালিকা, মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি রেজিস্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নামে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ২৫০ টাকার ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডার দিতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন করলে ২৫০ টাকা নবায়ন ফির সঙ্গে ১০০ টাকা বিলম্ব ফি দিতে হবে। আবেদন ও কাগজপত্র সরাসরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১ নম্বর ভবনের নিচতলার কাউন্টারে জমা দিতে হবে।