৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া ৬৫১ প্রার্থীর যোগদান ও প্রশিক্ষণের সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ অক্টোবর সশরীরে যোগদান করতে হবে তাঁদের। এরপর ১৯ অক্টোবর পর্যন্ত বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) আট দিনের আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে নিয়োগ বাতিল হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবরের দুটি প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া ৬১১ ও ৪০ জনসহ মোট ৬৫১ প্রার্থীকে প্রভাষক পদে যোগদান করতে হবে। ১২ অক্টোবর পূর্বাহ্নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে হবে। যোগদান ও ওরিয়েন্টেশন প্রশিক্ষণের স্থান নির্ধারণ করা হয়েছে বগুড়ার আরডিএ।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে চাকরি করবেন। তাঁদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কেউ চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে তাঁকে অপসারণ করা যাবে।
এ ছাড়া চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড দিতে হবে। এতে প্রার্থী নিজে বা পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ কিংবা প্রদান করবেন না বলে অঙ্গীকার করবেন।