পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আনিকা আফরিন নামে এক নারী শিক্ষার্থী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র হলের ১০৩৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আনিকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অসুস্থ হওয়ার পর তাঁকে পাবনা শহরের মোজাহিদ ক্লাব এলাকার এসোর্ট হাসপাতালে নেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন নারী শিক্ষার্থী পিকনিকের কথা বলে তাঁদের কক্ষে ডেকে নেন। পরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ, গালাগাল ও ব্যক্তিগত বিষয় নিয়ে বিব্রতকর প্রশ্ন করা হয়। একপর্যায়ে তাঁদের মুঠোফোন নিয়ে ব্যক্তিগত তথ্য যাচাই করা হয়। ক্যাম্পাসের লেক ও রিডিং রুমে যাওয়া এবং ছেলেদের সঙ্গে মেলামেশা নিয়েও প্রশ্ন করা হয়।
আনিকা আফরিন জানান, তাঁকে চতুষ্পদ প্রাণীর মতো ১০ ধরনের ডাক দিতে বলা হয়। একপর্যায়ে তাঁর ঘাড়ে টান ধরে এবং শ্বাস নিতে কষ্ট হয়। এরপর তিনি শুয়ে পড়েন। পরে কী ঘটেছে, তা তাঁর মনে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, তাঁদের এক বান্ধবী অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালেও তাৎক্ষণিক অনুমতি দেওয়া হয়নি। এক ঘণ্টার বেশি সময় পরও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় অন্য শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগে নাম আসা সামিহা ও উর্মীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁরা সাড়া দেননি।এদিকে হাসপাতালে আনিকাকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হকসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা। প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, র্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়টিতে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল।




