দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা আরও ভারী হয়েছে। মাত্র তিন মাসে নতুন করে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা খেলাপি ঋণ যুক্ত হওয়ায় গত সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপির খাতায়। আর্থিক খাতের এই চিত্র ব্যাংকগুলোর ঋণ আদায় সক্ষমতা ও সুশাসন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকগুলোতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।
এর আগে গত জুন শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। ওই সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিস্থিতি বেশি উদ্বেগজনক
ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের চিত্র বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি চাপে রয়েছে। গত সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তাদের বিতরণ করা মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই এখন খেলাপি।
অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা, যা এসব ব্যাংকের মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা বা মোট ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ।
ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ
খেলাপি ঋণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক একাধিক পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করে ঋণ আদায় কার্যক্রম জোরদার, ব্যাংকগুলোর ওপর নজরদারি বৃদ্ধি, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে তফসিলি ব্যাংকগুলোকে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে খেলাপি ঋণ আদায়ে গতি আনার পাশাপাশি আটকে থাকা ঋণ নিষ্পত্তির পথ তৈরি করতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি।
কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণ রয়েছে, এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের ব্যবস্থাও রাখা হয়েছে। এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায় এবং সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে।
নতুন ঋণখেলাপি হওয়া ঠেকাতেও উদ্যোগ
শুধু পুরোনো খেলাপি ঋণ আদায় নয়, নতুন করে ঋণখেলাপি হওয়ার প্রবণতা ঠেকাতেও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন আরও কার্যকর করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুযায়ী এক্সপেকটেড ক্রেডিট লস বা প্রত্যাশিত ঋণক্ষতি কাঠামো চালুর প্রস্তুতি চলছে।
ব্যাংকারদের মতে, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সময়মতো ঋণ পরিশোধ করতে পারছে না। এর পাশাপাশি অতীতের ঋণ অনিয়ম এবং প্রভাবশালী ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ে ব্যর্থতাও খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ।
সব মিলিয়ে ব্যাংক খাতে খেলাপি ঋণের এই বিশাল অঙ্ক আর্থিক খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি অনাদায়ী হয়ে পড়ায় ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা, নতুন ঋণ বিতরণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।