দেশের ব্যাংকগুলোতে এক বছরে আমানত বেড়েছে প্রায় ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা। আর্থিক খাতে সংস্কার ও কিছু ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রভাবে আমানতকারীদের আস্থা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের ব্যাংকিং খাতে আমানত সংগ্রহের চিত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এই প্রবৃদ্ধি ১২ দশমিক ৯৪ শতাংশ।
২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে আমানত ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সে তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে যুক্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা। শুধু আগস্টের তুলনাতেও সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে ফিরছে। সংকটে পড়া কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু করায় পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়েছে বলেও জানান তিনি।
ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলছে। ইতোমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই শেষ হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্য ব্যাংকগুলোর মূল্যায়নও এগিয়ে নেওয়া হচ্ছে। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, মূলধন ঘাটতি পূরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং করপোরেট সুশাসন নিশ্চিত করাকে এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে আমানত বাড়লেও ঋণ বিতরণে একই ধরনের গতি নেই। গত সেপ্টেম্বরে ব্যাংকগুলোর ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে সরকারি সিকিউরিটিজসহ বিভিন্ন আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় পৌঁছেছে।
বেসরকারি কয়েকটি ব্যাংকের আর্থিক প্রতিবেদনেও আমানত বৃদ্ধির উল্লেখযোগ্য তথ্য পাওয়া গেছে। ব্র্যাক ব্যাংকের গ্রাহক আমানত ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২৭ শতাংশ। বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফাও আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকা হয়েছে।
সিটি ব্যাংকের আমানতও একই সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের ৬৩ হাজার ১৬৪ কোটি ২৪ লাখ টাকা থেকে চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি ৪৯ লাখ টাকায়। প্রবৃদ্ধির হার ২২ দশমিক ৬ শতাংশ। ব্যাংক এশিয়ার আমানতও বছরের প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় পৌঁছেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৭২ কোটি টাকা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিনের মতে, আমানতের এই প্রবৃদ্ধি গ্রাহকদের আস্থা ফেরার একটি ইতিবাচক লক্ষণ। তবে সব ব্যাংকে সমানভাবে আমানত বাড়ছে না। আমানতকারীরা তুলনামূলক শক্তিশালী আর্থিক ভিত্তি ও ভালো সুশাসন রয়েছে—এমন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার মতে, আস্থা দীর্ঘস্থায়ী করতে ব্যাংকগুলোর আর্থিক শৃঙ্খলা ও সম্পদের মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।
আমানতকারীদের আস্থার বিষয়টি শুধু ব্যাংকে টাকা জমা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রয়োজনের সময় সঞ্চয় উত্তোলন, মেয়াদি আমানতের অর্থ যথাসময়ে ফেরত পাওয়া, চেক নিষ্পত্তি এবং এটিএম সেবা নির্বিঘ্ন থাকাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগে তারল্যসংকটে পড়া ব্যাংকগুলোর গ্রাহকদের কাছে এসব সেবা স্বাভাবিক রাখা বড় বিষয়।
এ পরিস্থিতিতে ন্যাশনাল ব্যাংক গত ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। আমানত উত্তোলন ও তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রাহকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী মনে করেন, শুধু সাময়িক তারল্য সহায়তা দিয়ে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়। এজন্য স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায় বৃদ্ধি, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ, করপোরেট সুশাসন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, আমানত বৃদ্ধির ধারাকে টেকসই করতে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও সেবার মান বাড়ানোর পাশাপাশি সংগৃহীত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে হবে। এতে বেসরকারি বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণে ব্যাংক খাতের ভূমিকা আরও বাড়তে পারে।




