পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিমাণ ১০ বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৫ সালে দেশটির ঋণের পরিমাণ ছিল ৬৮ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ২০২৫ সালে তা বেড়ে ১৩৫ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’-এ এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, পাকিস্তানের মোট ঋণের মধ্যে ১০৭ দশমিক ০৭ বিলিয়ন ডলার সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত। বেসরকারি গ্যারান্টিবিহীন ঋণ রয়েছে ১৭ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। পাশাপাশি স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ১০ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
সরকারি ঋণের বড় অংশ এসেছে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক উৎস থেকে। বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছে পাকিস্তানের দেনা ৫৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। দ্বিপাক্ষিক ঋণদাতাদের পাওনা ৪২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার।
দেশটির সবচেয়ে বড় একক ঋণদাতা চীন। দেশটির কাছে পাকিস্তানের ঋণ ২২ দশমিক ৪ বিলিয়ন ডলার। এ তালিকায় পরের অবস্থানে রয়েছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ দুটি প্রতিষ্ঠানের কাছে পাকিস্তানের ঋণ যথাক্রমে ১৯ দশমিক ২ বিলিয়ন ও ১৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
ঋণ পরিশোধের ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি উৎসের মধ্যে পার্থক্য রয়েছে। সরকারি ঋণদাতাদের কাছ থেকে নেওয়া ঋণের গড় পরিশোধকাল ১৬ বছর। প্রথম চার বছর কিস্তি পরিশোধে ছাড় পাওয়া যায়। এসব ঋণের গড় সুদের হার ৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে বেসরকারি ঋণের সুদের হার গড়ে ৮ দশমিক ৬ শতাংশ। এ ধরনের ঋণ পরিশোধের গড় সময় তিন বছর, আর কিস্তি শুরুর আগে ছাড় মেলে এক বছর।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে গঠিত মেনাপ অঞ্চলের ঋণ পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। সেখানে ঋণ পরিশোধের সক্ষমতা ও সুদ পরিশোধের অনুপাতের উন্নতি হলেও জাতীয় মোট আয়ের তুলনায় বৈদেশিক ঋণের হার বেড়েছে। ২০২৪ সালে এ হার ছিল ২৬ দশমিক ৭ শতাংশ, পরের বছর তা দাঁড়ায় ২৯ দশমিক ৪ শতাংশে। এক বছরে বৈদেশিক ঋণের অনুপাত বৃদ্ধির দিক থেকে অঞ্চলটি বিশ্বে শীর্ষে রয়েছে।
এদিকে ২০২৫ সালে পাকিস্তানের ২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দেয় চীন। একই বছর দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে আইএমএফ দুটি কর্মসূচির আওতায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের সহায়তা দেয়। কর্মসূচি দুটি হলো এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)।