দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ৩৪১ দশমিক ৫৯ পয়েন্ট।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৮ দশমিক ৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫০টির দর বেড়েছে, ৮৪টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল। দিনটিতে ১ লাখ ৯৪ হাজার ১৬২টি ট্রেডের মাধ্যমে মোট ২০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৫১৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।