দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে সংশোধিত দর কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন তালিকায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। আগের দিন একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
অন্যান্য মানের সোনার মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৩৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দর বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়। ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার মূল্য ২ হাজার ২১৬ টাকা বহাল রয়েছে।