দেশীয় প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যাসামগ্রীর আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটি এবার বিশ্বের বৃহৎ অনলাইন পাইকারি বাজার আলিবাবা ডটকমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছে। এর ফলে বিদেশি আমদানিকারকরা অনলাইনেই প্রতিষ্ঠানটির পণ্য ও উৎপাদনসংক্রান্ত বিভিন্ন সেবা সংগ্রহ করতে পারবেন।
এই কার্যক্রম বাস্তবায়নে আলিবাবার বাংলাদেশি প্রতিনিধি স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রিমার্ক। সোমবার রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। রিমার্কের পক্ষে শুভ কুমার সাহা এবং স্কাইটেক গ্লোবালের পক্ষে রিদওয়ান আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রথম পর্যায়ে অনলাইন প্ল্যাটফর্মটিতে রিমার্কের আটটি ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য প্রদর্শন করা হবে। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ান।
তালিকাভুক্ত পণ্যের মধ্যে থাকবে ত্বক ও চুলের যত্নের সামগ্রী, ব্যক্তিগত পরিচর্যার উপকরণ, গৃহস্থালি ব্যবহার্য পণ্য এবং শিশুদের প্রয়োজনীয় সামগ্রী। ক্রেতাদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে পণ্যের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
শুধু প্রস্তুত পণ্য নয়, বিদেশি ব্যবসায়ীদের জন্য উৎপাদন ও প্যাকেজিংয়ের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের ব্যবস্থাও থাকছে। কাস্টমাইজড প্যাকেজিং, ছাঁচ, বিভিন্ন যন্ত্রপাতি এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবাও পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে।
রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম জানান, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং বিদেশের বাজারে প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বর্তমানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ একাধিক দেশে রিমার্কের পণ্য রপ্তানি হচ্ছে। আলিবাবায় যুক্ত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির বিদেশি বাজারে ব্যবসা আরও বিস্তৃত করার নতুন সুযোগ তৈরি হলো।