ফরিদপুরের বোয়ালমারীতে জনতা জুট মিলস লিমিটেডে ১৭ দশমিক ৮৪ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। এর মধ্য দিয়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর পাটকল হিসেবে নতুন পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবেও আত্মপ্রকাশ করেছে এটি।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) অর্থায়নে নির্মিত এ প্রকল্পের উদ্বোধন করা হয় গতকাল। শুক্রবার ইডকলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউয়ের পরিচালক ড. কার্ক মিল্ডনার, ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল এবং আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। পরে অতিথিরা বিদ্যুৎকেন্দ্র ও কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
প্রকল্পটিতে ছাদ, খোলা জমি ও জলাশয়ে সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি ৮ দশমিক ৩৬ মেগাওয়াট-ঘণ্টা ধারণক্ষমতার ব্যাটারি সংরক্ষণব্যবস্থা যুক্ত করা হয়েছে। এখান থেকে বছরে প্রায় ১৮ হাজার ৭০০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এর ফলে প্রতিবছর প্রায় ১৩ হাজার ৯৬০ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও জার্মানির উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে প্রকল্পটি গুরুত্বপূর্ণ উদাহরণ। নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জার্মানি।
ইডকলের কর্মকর্তা মো. এনামুল করিম পাভেল জানান, ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ইতোমধ্যে প্রায় ৩৭০ মেগাওয়াট-পিক ক্ষমতার প্রকল্পে অর্থায়ন করা হয়েছে। আরও ৫০০ মেগাওয়াট-পিকের বেশি সক্ষমতার প্রকল্প অর্থায়নের অপেক্ষায় রয়েছে।
আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, পরিবেশবান্ধব শিল্পায়ন ও কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে গ্রুপের প্রতিশ্রুতি বাস্তবায়নে এ প্রকল্প নতুন অগ্রগতি। তিনি জানান, প্রতিষ্ঠানের মোট বিদ্যুৎ চাহিদা নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য রয়েছে। এ পর্যন্ত ইডকলের সঙ্গে অংশীদারত্বে ১৫৭ দশমিক ৪৪ মেগাওয়াট ক্ষমতার ১৬টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে গ্রুপটি।