বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় আবারও উদ্বেগজনক অবস্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে রাজধানীর অবস্থান চতুর্থ। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৭০, যা অস্বাস্থ্যকর পর্যায়ের অন্তর্ভুক্ত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর সকাল সাড়ে ৮টায় এ চিত্র পাওয়া যায়।
তালিকার সর্বোচ্চ দূষিত শহর পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৩২২। দ্বিতীয় অবস্থানে ভারতের নয়াদিল্লি, যার স্কোর ২৭৪। ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
বায়ুর গুণগত মান নির্ধারণে একিউআই স্কোরকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি মানের হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত দূষণ সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরের বাতাস সবার স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
ঢাকার বর্তমান ১৭০ স্কোর নির্দেশ করছে, নগরীর বায়ুদূষণ এখনো জনস্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ ধরনের পরিবেশ বাড়তি সতর্কতার দাবি রাখে।