শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে সাইবার নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
কমিশনার জানান, মণ্ডপগুলোর গুরুত্ব, দর্শনার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। মণ্ডপগুলোতে দিনরাত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। সিসি ক্যামেরায় মণ্ডপ ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করা হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপের প্রবেশপথে নিরাপত্তা তল্লাশির জন্য আর্চওয়ে স্থাপন করা হয়েছে।
পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন ও টহল দেবেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে শেষ হবে। শোভাযাত্রার নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে গুজব বা অপপ্রচার দেখা গেলে কিংবা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি, মন্দির পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন। প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদ্যাপন কমিটির নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




