রাজধানীর শ্যামলীতে দ্রুতগামী ট্রাকের চাপায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শ্যামলী মোড়ের ফুটওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জনি জানান, দুই কিশোরী একসঙ্গে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর কিশোরীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত দুজনের বয়স ১৮ বছরের নিচে। তাদের মধ্যে একজন জীবিত অবস্থায় নিজের নাম মুক্তা বলে জানিয়েছিল। তবে তার পূর্ণ পরিচয় এবং অপর কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এসআই জনি বলেন, দুর্ঘটনাটি ভোরে ঘটায় ট্রাকটি শনাক্ত করে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।