‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাছানের নেতৃত্বে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকার নয়, প্রতিটি পরিবারকেও সচেতন হতে হবে। ঘর থেকেই দুর্যোগ প্রস্তুতি শুরু করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বাড়ানো এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।




