বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সামনে এসে থামেন। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে ছুড়ে মারেন। বিস্ফোরণ ঘটানোর পরপরই মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
এ ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী বা স্থানীয় বাসিন্দা হতাহত হননি। তবে আকস্মিক বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।
ওসি আরও জানান, ঘটনার পর উজিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।



