ফেনী শহরের দক্ষিণ প্রান্তে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোডের পাশে অবস্থিত এই প্রাচীন বৃক্ষটি স্থানীয়দের কাছে ‘বড় কড়ইগাছ’ নামে পরিচিত। গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, গাছটির প্রকৃত নাম ‘রেন্ডি কড়ই’। দীর্ঘ সময় ধরে নানা প্রাকৃতিক পরিবর্তন ও নগরায়ণের মধ্যেও গাছটি টিকে রয়েছে।
গাছটির বয়স প্রায় ৪০০ বছর বলে ধারণা করা হয়। স্থানীয়দের কাছে প্রচলিত নানা গল্প ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এর অস্তিত্ব। কথিত আছে, উনিশ শতকে ফেনী মহকুমার প্রথম প্রশাসক ও কবি নবীনচন্দ্র সেন এই গাছের নিচে বসে কবিতা লিখতেন। সে সময়ই গাছটির বয়স দুই শতাব্দী ছাড়িয়ে গিয়েছিল বলে একটি জনশ্রুতি রয়েছে।
দাউদপুল চৌধুরী বাড়ির বাসিন্দা আমীর হোসেন চৌধুরী মোজাম্মেল জানান, পূর্বপুরুষদের কাছ থেকে গাছটিকে ঘিরে অনেক গল্প শুনেছেন তারা। একসময় দূরদূরান্ত থেকে আসা পথচারী ও ভ্রমণকারীরা এই গাছের নিচে বিশ্রাম নিতেন, এমনকি রাতও কাটাতেন। তাদের আপ্যায়নের ব্যবস্থাও করতেন এলাকার অভিজাত ব্যক্তিরা।
পশ্চিম উকিলপাড়ার বাসিন্দা ননা মিয়ার ভাষ্য, শেরশাহের শাসনামলে গাছটি রোপণ করা হয়েছিল বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। ছোটবেলা থেকেই তিনি গাছটিকে একই অবস্থায় দেখে আসছেন। তার বাবা ও দাদারাও গাছটি দেখেছেন। তবে এর সঠিক রোপণকাল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
একসময় গাছটির আশপাশে জনবসতি ও দোকানপাট তেমন ছিল না। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ওই এলাকায় ফেনী নদী থেকে আসা একটি খালও প্রবাহিত হতো, যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। এখন চারপাশে অসংখ্য দোকানপাট ও স্থাপনা গড়ে উঠলেও গাছটি টিকে আছে আগের জায়গাতেই।
তবে গাছটির অস্তিত্ব একসময় নানা কারণে হুমকির মুখে পড়ে। এর ডালে অসংখ্য সাইনবোর্ড ও ব্যানার ঝোলানো হতো। কয়েক বছর আগে সাংবাদিক মাহবুব উল হক পেয়ারা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গাছটিকে এসব প্রচারসামগ্রী থেকে মুক্ত করা হয়। একই সঙ্গে গাছে পেরেক ঠুকে কোনো কিছু লাগানো নিষিদ্ধ করা হয়।
ফাউন্ডেশনের উদ্যোক্তা ইমন-উল-হক বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষার পাশাপাশি এলাকার প্রায় ৪০০ বছরের স্মৃতিবাহী এই বৃক্ষকে বাঁচিয়ে রাখতেই তারা উদ্যোগটি নিয়েছিলেন। এখন গাছে পেরেক মেরে সাইনবোর্ড বা ব্যানার লাগানোর সুযোগ নেই।
ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন জানান, দীর্ঘ গবেষণার মাধ্যমে গাছটির প্রজাতি শনাক্ত করা হয়েছে। এটি রেন্ডি কড়ই, যার বৈজ্ঞানিক নাম *Albizia saman*। তার মতে, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় গাছটি সংরক্ষণ করা জরুরি। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ডালপালা ছেঁটে মূল বৃক্ষটি অক্ষত রাখা যেতে পারে।
এদিকে গ্র্যান্ড ট্রাংক রোড সম্প্রসারণের পরিকল্পনায় গাছটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে সড়ক বিভাগ থেকে সামাজিক বন বিভাগকে চিঠিও দেওয়া হয়। তবে বৃক্ষপ্রেমীদের প্রতিবাদের কারণে গাছটি কাটা হয়নি।
সামাজিক বন বিভাগ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গাছটির ভবিষ্যৎ সংরক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণে একটি উপকমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে গাছটির বিশাল ডালপালা সড়কের ওপর ছড়িয়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। ঝড়-বৃষ্টিতে ডাল ভেঙে পথচারী ও যানবাহনের ওপর পড়লে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন অনেকে।
প্রায় চার শতাব্দীর এই কড়ইগাছ ফেনীর প্রকৃতি ও ইতিহাসের এক জীবন্ত স্মারক। উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের মধ্যে ভারসাম্য রেখে গাছটিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ এখন সময়ের দাবি। কারণ একটি প্রাচীন বৃক্ষ হারিয়ে যাওয়া মানে শুধু একটি গাছের মৃত্যু নয়, হারিয়ে যাওয়া একটি জনপদের দীর্ঘদিনের স্মৃতি ও ইতিহাসেরও বড় অংশ।