ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের দুটি পৃথক গ্রেপ্তারসংক্রান্ত বিজ্ঞপ্তিতে একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন তৈরি হয়েছে—ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলে কে?
কালীগঞ্জ থানা পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি ও ফ্লাশ রিপোর্টে এমন তথ্য পাওয়া গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে ফজলুর রহমান খাঁ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় গ্রেপ্তারের পর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাকে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেওয়া হয়।
এর আট দিন পর, ২৮ অক্টোবর মো. আনোয়ার হোসেন (৫৮) নামে আরেক ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের তথ্য প্রকাশের সময়ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় উল্লেখ করা হয়।
পুলিশের দুটি পৃথক বিজ্ঞপ্তিতে একই সাংগঠনিক পদে দুই ব্যক্তির নাম আসায় বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। একই ইউনিয়নে একই পদে দুজনের পরিচয় কীভাবে পুলিশের নথিতে স্থান পেল, তা নিয়েও আলোচনা চলছে।
এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে সংশ্লিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, একই পদে দুজনের পরিচয় উল্লেখ হওয়ার কথা নয়। বিষয়টি খোঁজ নিয়ে তিনি জানাতে পারবেন।




