চাঁদপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের একপর্যায়ে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৬০ বছর বয়সী শাহজাহান পাটোয়ারী।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাগাদী ইউনিয়নের নিজগাছতলা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
শাহজাহান ওই এলাকার মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং সরকারি প্রতিবন্ধী ভাতা পেতেন। পরিবারে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রয়েছে তার।
স্থানীয়দের ভাষ্য, ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে জমি ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শাহজাহানের। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার সন্ধ্যায় শাহ আলম ও তার স্ত্রীর সঙ্গে বড় ভাইয়ের বিরোধের সূত্র ধরে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, মারধরের পর শাহজাহানকে বাড়ির কাছেই বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. মজিব ঘটনাস্থলে যান। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
বাগাদী ইউনিয়নের সদস্য জাকির হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি আগে থেকেই স্থানীয়দের জানা ছিল। বিষয়টি মীমাংসার জন্য এলাকাবাসী উদ্যোগও নিয়েছিলেন। নিহত শাহজাহান দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং সরকারি ভাতা পেতেন বলেও নিশ্চিত করেন তিনি।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক ও সেকেন্ড অফিসার মো. ফেরদৌস হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।