রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২৫টি বাঁশের লাঠি এবং রেললাইনে ব্যবহৃত ছোট-বড় ২০০টি পাথরের টুকরা জব্দ করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজার রাজেন্দ্র বাজারসংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাউনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের (৫০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নজরুল ইসলাম (৪৯), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আল মাসুদ হিমেল (৩২) এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. তাহাসিন ইসলাম ওরফে সিয়াম (১৯)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।
পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থল থেকে ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত বিভিন্ন আকারের ২০০টি পাথরের খণ্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে ১২০ থেকে ১৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তির পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ২০২৬ সালের সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।