বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারী উপজেলা দখলের অপচেষ্টা ঠেকাতে দুই সেতুতে শক্ত অবস্থান নিয়েছেন বিএনপির শত শত নেতাকর্মী। ঢাল-সরকি হাতে তাদের এ অবস্থান কর্মসূচিতে দলটির নারী কর্মীরাও অংশ নিয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাগেরহাট জেলা সদরসহ মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় এসব কর্মসূচি পালন করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে এসে যাতে বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারী উপজেলা দখলে নিতে না পারে, সে জন্য রোববার সকালে বিক্ষোভ মিছিল শেষে বিএনপির শত শত নেতাকর্মী ঢাল-সরকি হাতে মধুমতি ও পাটগাতী সেতুতে অবস্থান নেন। এ কর্মসূচিতে বিএনপির নারী কর্মীরাও অংশ নেন। মঙ্গলবার সকাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মধুমতি ও পাটগাতী সেতুতে অবস্থান করবেন বলে পথসভায় জানান বক্তারা।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মধুমতি ও পাটগাতী সেতুর সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা খাদেম নেয়ামুন নাসির আলাপ, সরদার ওহিদুল ইসলাম পল্টু, এসকেন্দার হোসেন, শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেন, শনিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী গোপালগঞ্জ থেকে মধুমতি সেতুতে এসে বাগেরহাটের মোল্লাহাট দখলের অপচেষ্টা চালান। তবে বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হন।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মধুমতি ও পাটগাতী সেতু পার হয়ে মোল্লাহাট ও চিতলমারী উপজেলা দখলের চেষ্টা করতে পারেন। এ ধরনের তৎপরতা প্রতিহত করতেই বিএনপির নেতাকর্মীরা দুই সেতুতে অবস্থান নিয়েছেন। তারা আবারও এলে সুস্থ অবস্থায় গোপালগঞ্জে ফিরে যেতে পারবেন না বলেও পথসভায় হুঁশিয়ারি দেন বক্তারা।