রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশাসনিক সংকট ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ইনস্টিটিউটের ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অন্য পক্ষের উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে বহিরাগত ও রাজনৈতিক দলের কিছু সদস্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন। আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করারও চেষ্টা চলছে বলে দাবি তাদের। এ পরিস্থিতিতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দায়িত্ব পালনকালে তিনি নারী শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক ও অশালীন আচরণ করেছেন। এ ধরনের আচরণের প্রতিবাদ এবং ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে তারা আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ইনস্টিটিউটের মাঠে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। অথচ অন্যান্য অনুষ্ঠান ও বহিরাগতদের জন্য একই মাঠ ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় গোপন রেখে বিতর্কিত মন্তব্য করা, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার এবং প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও তুলেছেন তারা।
এসব অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে তিনি আগামীকাল ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বদলির আবেদন করবেন বলে জানিয়েছেন।
ক্যাম্পাসে চলমান উত্তেজনার মধ্যে শিক্ষার্থীদের দাবি ও প্রশাসনের অবস্থান নিয়ে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।