মাদকের বিস্তার ও বাল্যবিবাহ প্রতিরোধে রংপুর নগরীর ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘মাদকদ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নগরীর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আসাদুজ্জামান। সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকাসক্তির ভয়াবহ পরিণতি তুলে ধরেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, সমাজে মাদকের বিস্তার ঘটেছে। দেশে ৮২ লাখ যুবক মাদকে আসক্ত বলে উল্লেখ করে তিনি বলেন, মাদকাসক্ত জনগোষ্ঠীকে নিয়ে স্বপ্নের দেশ গড়া সম্ভব নয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পারলে তাদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে।
তিনি বলেন, বন্ধুদের মাধ্যমে অনেকের মাদক গ্রহণের শুরু হয়। একটি সিগারেটের টান থেকেও পরবর্তী সময়ে অন্য মাদকে আসক্তি তৈরি হতে পারে। এতে শিক্ষার্থীদের সম্ভাবনাময় জীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই শিক্ষাজীবনে ভালো বন্ধু নির্বাচন করা জরুরি।
বাল্যবিবাহের প্রসঙ্গ তুলে সামু বলেন, দেশে বাল্যবিবাহ আশঙ্কাজনক হারে বেড়েছে। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করা না গেলে মানুষ দারিদ্র্যের দুষ্টচক্রে আটকে পড়বে এবং পরবর্তী প্রজন্মও ক্ষুধা-দারিদ্র্যের শিকার হয়ে অপরাধে জড়িয়ে পড়তে পারে। সুন্দর দেশ গড়তে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।




