জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য চাঁদপুরের শাহরাস্তিতে বিনামূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা চালু হয়েছে। মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে শুরু হওয়া এ কার্যক্রমে অস্ত্রোপচার থেকে শুরু করে প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ, হাসপাতালে অবস্থান ও পরবর্তী স্পিচ থেরাপির খরচও বহন করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত হাসপাতালটিতে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল। প্রথম দিনের কার্যক্রমে ২০ জন রোগীর অস্ত্রোপচার কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার পরিচালনা করছেন। হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ উল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে এ সেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি তিন মাস অন্তর অথবা ১০ জন রোগী নিবন্ধিত হলে অস্ত্রোপচারের আয়োজন করা হবে। দেশের যেকোনো এলাকার রোগীরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন।
ডা. আরিফ উল হাসান বলেন, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা দিতে গিয়ে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত অনেক রোগীর দেখা মেলে। অর্থের অভাব ও প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা না থাকায় তাদের অনেকেই অস্ত্রোপচার করাতে পারেন না। এসব রোগীর চিকিৎসার সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নিয়মিত এ কর্মসূচি চালু থাকলে বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে। জন্মগত এ সমস্যার চিকিৎসায় প্রয়োজনীয় অস্ত্রোপচার ও পরবর্তী থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




