ঝিনাইদহের ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল বিশ্বাসকে দীর্ঘ ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সুজা বিশ্বাস নামে পরিচয় গোপন করে তিনি ঢাকার আশুলিয়ায় ব্যবসা পরিচালনা করছিলেন।
বুধবার (২৯ অক্টোবর) রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকার আলম মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চঞ্চল ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার জহর বিশ্বাসের ছেলে।
সিআইডি সূত্র জানায়, নিহত সুলতান আহমেদের ঝিনাইদহ পুলিশ লাইনসের সামনে গ্রিলের দোকান ছিল। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। চুয়াডাঙ্গায় একটি ঠিকাদারি কাজের পাওনা টাকা নিয়ে তার সঙ্গে চঞ্চলের বিরোধ তৈরি হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৯ জুন সন্ধ্যায় মুঠোফোনে সুলতানকে ডেকে নেন চঞ্চল। পরদিন সকালে ঝিনাইদহের উদয়পুর গ্রামের মাঠ থেকে বস্তাবন্দি অবস্থায় সুলতানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী হয়ে চঞ্চলকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ জুন চঞ্চল বিশ্বাস ও জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে মামলার বিচার ও তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন আসামিরা। এর পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়।
গত মাসে স্থগিতাদেশ প্রত্যাহারের পর আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। নতুন করে তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চঞ্চলের অবস্থান শনাক্ত করা হয়। পরে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামি জাহাঙ্গীর আলম ২০২২ সালে মারা গেছেন।
ঝিনাইদহ সিআইডির পুলিশ পরিদর্শক আখতার হোসেন মিনা জানান, মামলার তদন্ত এখনো চলছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রতিবেদন দেওয়া হবে। গ্রেপ্তার চঞ্চলকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।