মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের পর তার বাবারও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাপ হোসেন (৩৮)। এর আগে সকালে একটি পরিত্যক্ত জমি থেকে তার মেয়ে তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে মেয়েকে নিয়ে নিজ বাড়ি রামকৃষ্ণদীতে ফিরছিলেন গোলাপ হোসেন। পথে বাবা ও মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত গোলাপ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রামকৃষ্ণদী গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, হামলার কারণ বা ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন ওসি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।