রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ঝিনাইদহ সদর উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৭টি ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জন কৃষক প্রত্যেকে ১ কেজি সরিষার বীজ ও ২০ কেজি রাসায়নিক সার পাবেন। এছাড়া মসুর চাষের জন্য ৫০০ জন কৃষককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার এবং গম চাষের জন্য ১৫০ জন কৃষককে ২০ কেজি বীজ ও ৭৩ কেজি রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসুদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, সময়মতো বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকরা রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে পারবেন। এতে একদিকে উৎপাদন খরচ কমবে, অন্যদিকে ফসলের উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।