পরিচ্ছন্ন ও সবুজ মাদারীপুর গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী শকুনি লেকপাড়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়েছে সামাজিক সংগঠন ‘ভোরের হাওয়া ব্যায়াম সংগঠন’।
শুক্রবার ভোরে সংগঠনের সদস্য ও স্থানীয় পরিবেশপ্রেমীরা লেকপাড়ে সমবেত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। ‘পরিচ্ছন্ন লেকপাড়, আমাদের অঙ্গীকার’ এবং ‘শকুনি লেক বাঁচাও, মাদারীপুর বাঁচাও’ স্লোগানে তাঁরা লেকের চারপাশের আবর্জনা পরিষ্কার করেন। পরে পরিষ্কার করা বিভিন্ন স্থানে ভেষজ, ফলদ ও শোভাবর্ধনকারী গাছের চারা লাগানো হয়।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শকুনি লেক শুধু ঐতিহ্যের প্রতীক নয়, এটি নগরবাসীর বিনোদনেরও গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু হকারদের অনিয়ন্ত্রিত উপস্থিতি ও অব্যবস্থাপনায় লেকপাড়ের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। লেকপাড়কে হকারমুক্ত করে পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে তাঁরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে লেকের পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা, ব্যবসায়ী রিয়াজউদ্দিন, সরকারি চাকরিজীবী শিপন খান, সাংবাদিক ইমদাদুল হক মিলন ও রুহুল আমিন, ব্যারিস্টার শহীদুল ইসলাম এবং মো. মনিরসহ অন্যরা অংশ নেন। ভোরের হাওয়া ব্যায়াম সংগঠনের এ পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীজন ও পথচারীরা।