পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছটি সরিয়ে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার পর ঘটনাস্থলে আওয়ামী লীগবিরোধী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন বিএনপির নেতা আনারুল ইসলাম ও উপজেলা যুবদলের নেতা মতিয়ার রহমান।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। এতে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।




