আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মাদারীপুরের ওপর দিয়ে যাওয়া ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে অবরোধ সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে সড়কে টায়ার জ্বালানো, গাছের গুঁড়ি ফেলে এবং অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাটসহ বিভিন্ন স্থানে জড়ো হন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে এবং রাস্তায় শুয়ে-বসে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ সময় স্থানীয় অস্ত্র, দা-কাতরা ও লাঠিসোঁটা নিয়ে কয়েকজনকে অবস্থান নিতে দেখা যায়।
কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হয়। পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
এ সময় পুলিশকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) কুতুবুদ্দিন আহম্মেদ জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।