ঢাকায় বসে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক। তিনি বলেছেন, ঢাকায় বসে যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘন্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুবদল নেতা নয়নের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
যুবদল নেতা নয়নকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক বলেন, ঢাকায় বসে যুবদল নেতা নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎ সাহস থাকে তাহলে আপনি গোপালগঞ্জে আসেন। ঢাকায় বসে আপনি যেভাবে করতেছেন গোপালগঞ্জে আসলে তার থেকে দ্বিগুণভাবে করে আপনাকে দেখায় দেবো। যে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কি পারে। কিন্তু বাস্তবে গোপালগঞ্জ আসার মত সেই সক্ষমতা আপনার নেই।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে উদ্দেশ্যে করে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি বলেন, আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতাকর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জ আসার কথা বলছেন বলে তারা শুনেছেন। তাদেরকে বলতে চাই, ‘আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।
বর্তমানে টুঙ্গিপাড়ার মানুষ শান্তিতে বসবাস করছেন দাবি করে বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশ্যে নিষিদ্ধ টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামছুল বলেন, বর্তমানে এলাকায় কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। তাই শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এসময় নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাট সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।