ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধীন কোটপাড়া বিওপির বিশেষ টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মো. আব্দুল মোতালেব হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের জব্দমূল্য ১০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া সীমান্তে অবৈধ অস্ত্র, মাদক, মানব পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছে বিজিবি। সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সীমান্তের নিরাপত্তা রক্ষায় সহায়তা করার আহ্বান জানিয়েছে বাহিনী।




