নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদী এলাকায় স্থানীয় দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে টেঁটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচর এলাকায় শহিদ মেম্বার ও চাঁন মিয়ার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে দুপুরে চরাঞ্চলে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সন্ধ্যায় সংঘর্ষ ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত দুই মাসে এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে উত্তেজনা বাড়লে উভয় পক্ষের লোকজন টেঁটা ও অন্যান্য দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় অন্তত ১২ জন টেঁটাবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ ঢাকা ও আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
সংঘর্ষের জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন চাঁন মিয়া। তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন টেঁটা ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তার পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শহিদ মেম্বারের অনুসারীদের বিরুদ্ধে বারবার হামলা চালিয়ে এলাকার পরিবেশ অশান্ত করার অভিযোগও করেন তিনি। চাঁন মিয়ার দাবি, তারা সংঘাতের পরিবর্তে এলাকায় শান্তি চান।
অন্যদিকে, অভিযোগ প্রত্যাখ্যান করে শহিদ মেম্বার দাবি করেন, ভোররাতে চাঁন মিয়ার লোকজন প্রথমে তাদের ওপর হামলা চালায়। তখন তারা ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় নারীসহ তাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি। আহত ব্যক্তিরা নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওসি কামাল হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পাঁচজন নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে আটক চারজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান তিনি।