আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সমুন্নত রেখে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ ২০০৬-এর ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও একদলীয় শাসনব্যবস্থার কারণে অতীতে অনেক পুলিশ কর্মকর্তা চাকরি ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছিলেন। বর্তমান সরকার আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে তাদের পুনর্বহাল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বঞ্চিত কর্মকর্তাদের সম্মানের সঙ্গে পেশাগত জীবনে ফিরিয়ে আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষ পুলিশের কাছেই ন্যায়বিচার প্রত্যাশা করে। তাই দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতন থাকতে হবে।
প্রযুক্তিনির্ভর অপরাধ ও সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং দেশে-বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশিক্ষকদের দক্ষতা বাড়াতে ‘ট্রেনিং অব দ্য ট্রেইনার্স’ কর্মসূচির আওতায় চীনসহ উন্নত দেশগুলোতে কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানোর প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে। পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের কোনো প্রস্তাব ঝুলে থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, এনডিসি।
এর আগে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের আট মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। অপরাধ সংঘটিত হলে পুলিশ দ্রুত অপরাধী শনাক্ত, গ্রেপ্তার ও তদন্তের মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় নেওয়ার সক্ষমতা অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, দুপুর পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছিল এবং ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া নাটোরের এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান; অপরাধের অভিযোগ থাকলে পরিচয় বা প্রভাব বিবেচনা করা হবে না।