চট্টগ্রামের চন্দনাইশে ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার প্রায় ৭৮ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, চন্দনাইশ জোনাল অফিসের আওতাধীন ৩৩ কেভি লাইনটি ট্রিপ করার পর পরীক্ষা করে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট বাজার এলাকায় রাস্তার পাশে থাকা একটি ৪০ সাইজের এসপিসি খুঁটি ভেঙে গেছে। এতে চন্দনাইশ উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
ভাঙা খুঁটি পরিবর্তনের জন্য ঠিকাদারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পটিয়া থেকে নতুন খুঁটি এনে মেরামতকাজ সম্পন্ন করা হবে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মেরামতকাজ শেষ হতে বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।