ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও পলাতক অপরাধীদের দেশে প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বাড়ানো হয়েছে তল্লাশি। পাশাপাশি দুর্গম সীমান্ত এলাকায় দিনরাত চলছে টহল ও গোয়েন্দা নজরদারি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, বিলোনিয়া চেকপোস্ট দিয়ে ভারত থেকে পণ্য আমদানির পরিমাণ তুলনামূলক কম হলেও সিমেন্ট, ট্রাক্টরের যন্ত্রাংশ ও কৃষিপণ্যসহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশ থেকে রপ্তানি হয়। এ কারণে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াডসহ বিজিবির একটি প্লাটুন নিয়মিত দায়িত্ব পালন করছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পাসপোর্ট, ভিসা ও পরিচয়পত্র নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। বৈধ যাতায়াতের সুযোগ নিয়ে কোনো অপরাধী যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে সীমান্তের অরক্ষিত পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে গত ২২ নভেম্বর বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের অবৈধ প্রবেশ ঠেকাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ কাজে সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সহযোগিতা চেয়েছে বাহিনী। সন্দেহজনক ব্যক্তির চলাচল বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।