রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রথম দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল। পরে রাত ১১টা ৫০ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় গ্রিড সংযোগ দেওয়া হয়েছে। এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
তিনি আরও জানান, দেশের বিদ্যুৎ চাহিদা বিবেচনায় প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের প্রচেষ্টায় দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। পরবর্তী পরীক্ষার প্রয়োজনে উৎপাদন বাড়ানো-কমানো কিংবা সাময়িকভাবে ইউনিট বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। উৎপাদনের ওঠানামার সঙ্গে গ্রিডের ভারসাম্য রক্ষায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করেন, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তখন এ ইউনিট থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলক গ্রিড সংযোগ মানেই বাণিজ্যিক উৎপাদন শুরু নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা ও নিরাপত্তা মান অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতায় নেওয়ার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।