ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপেও ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




