জ্বালানি তেলের দাম নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মন্তব্য করার অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির নেতা শাহরিয়ার কবির রুবেলকে বহিষ্কার করেছে দলটি। তিনি পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের সই করা বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
দলীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে স্ট্যাটাস ও মন্তব্য করার পরিপ্রেক্ষিতে রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় দলীয় নেতৃত্ব তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকলে তা দলীয় ফোরামে উত্থাপনের সুযোগ রয়েছে। তবে সেই পদ্ধতি অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করাকে দলীয় শৃঙ্খলাবিরোধী বলে মনে করছে পৌর বিএনপি।
এ ছাড়া নোটিশ পাওয়ার পরও রুবেল বিভিন্ন সরকারবিরোধী পোস্টে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দলীয় নেতৃত্বের মতে, তার এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে শাহরিয়ার কবির রুবেলকে ওয়ার্ড সাধারণ সম্পাদকের পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।