সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী স্ট্যাটাস ও মন্তব্য করার অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাস ও মন্তব্যের বিষয়ে শাহরিয়ার কবির রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তার জবাব দলীয় নেতৃত্বের কাছে সন্তোষজনক মনে হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারের কোনো কর্মকাণ্ড নিয়ে আপত্তি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত থাকলে তা দলীয় ফোরামে আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে তিনি দলকে হেয় করেছেন বলে মনে করছে দলীয় নেতৃত্ব।
এ ছাড়া কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও তিনি অন্যান্য সরকারবিরোধী পোস্টে সহমত জানিয়ে মন্তব্য করেছেন বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হিসেবে বিবেচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কারণেই শাহরিয়ার কবির রুবেলকে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




